জ্বালানি সংকটে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ

%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

সরবরাহ সংকটের কারণে জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন তিনি।

উত্তরে মার্কিন জ্বালানি সচিব জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে তারা সচেতন এবং এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম নেওয়া হবে।

বৈঠকে দুই পক্ষ দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।