
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতৃত্ব অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পরস্পরকে শুভেচ্ছা জানান।
বার্তায় ড. ইউনূস বলেন, অর্ধশতাব্দী আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক বিকাশ ও সহযোগিতা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে, যা সত্যিই উদযাপনের যোগ্য। তিনি যোগ করেন, বাংলাদেশ ভবিষ্যতে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন বাংলাদেশ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। ৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে।