
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পান্থপথের পানি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, তাদের মধ্যে ২১ জনকে এনসিপির নেতাকর্মীরা ধরে পুলিশের হাতে তুলে দেন।
এর আগে দুপুরে গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও ও পান্থপথ এলাকায় হঠাৎ করে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করেছি। অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, যেসব স্থানে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেসব এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
এর আগে আগারগাঁও, শ্যামলী, গুলিস্তান ও তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায়ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।