
এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, জামায়াত আমিরের ধন্যবাদ
ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টার থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে আটক করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে পোস্টে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি থেকে হ্যাক হওয়া সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচারও দ্রুত কার্যকর হবে এবং এতে সাইবার অপরাধ ও আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হবে।
জামায়াতের আমির আরও বলেন, এ ধরনের পদক্ষেপ থেকে অনেকেই শিক্ষা পাবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশিত ছিল। পরে পোস্টটি এক্স থেকে সরিয়ে নেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার হামলার মাধ্যমে এই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং দল ও আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে।