বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শিক্ষার্থী আবরার নোমান শ্বাসকষ্টজনিত জটিলতায় মারা গেছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আবরার নোমান ২০১৯-২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী এবং শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র ছিলেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম আবরারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। এরপর সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
আবরারের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
