
ঢাকা মহানগর দক্ষিণ বদল দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ডিবিকে। বিষয়টি বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল রানা নিশ্চিত করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও দলের নেতাদের সুনাম নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানহানি করেছেন।
বাদী আরও উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১ নভেম্বর যুবলীগ নেতা নয়নকে ‘জুলাই সনদ নিয়ে গুন্ডামি’ করার অভিযোগসহ চাঁদাবাজি ও দুর্নীতির কথা উল্লেখ করে কটূক্তি করেন। তিনি বলেন, “ওরা জমজমের পানি দিয়ে পরিষ্কার হয়নি, এখন বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”
আবেদনে দাবি করা হয়, তার এমন বক্তব্যে রবিউল ইসলাম নয়নের সামাজিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা মানহানিকর।