কারাগারে নিহত হলেন আ.লীগ নেতা

সামিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন এবং এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।

জেল সুপার আরও জানান, অসুস্থ হওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রেফার করলে তাকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।