
জামায়াত আমির ডা. শফিকুর রহমান শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন
কিশোরগঞ্জের ইটনায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া কৃষক ও জামায়াত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এই দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, “আমি কোনো ধনী পরিবারে জন্মাইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করা আমার বাবাকে অপমান করার সমতুল্য হবে।” তিনি আরও যোগ করেন, “সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। কৃষক ও শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি অর্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে হাত মুছে ফেলে, কিন্তু আমি তাদের পরিশ্রমকে ভালোবাসা ও সম্মানের চোখে দেখি।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু, যাদের সঙ্গে থাকলে ফেরেশতার সান্নিধ্য মনে হয়। অন্যদল হলো দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।”
স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে থাকব, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা ও এটি পালন করবেন বলে আশা রাখি।”
স্মরণসভা শেষে ডা. শফিকুর রহমান কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে সকাল ৮টায় তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান। উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে একজন কর্মী নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) মারা যান।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডা. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।