
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে ক্ষোভে তারা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহন ভোগান্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করে।
পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।