সামগ্রিক ফল মেনে নিচ্ছি’, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত: শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, শুরু থেকেই দল একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিল এবং সেই অবস্থানেই তারা অটল রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জানান, তারা সামগ্রিক নির্বাচনী ফলাফল স্বীকার করছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

পোস্টে নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডে যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস দিয়ে কাজ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির মুখেও পড়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ফলাফল নিয়ে হতাশা থাকা স্বাভাবিক, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। তিনি জানান, ৭৭টি আসন নিয়ে জামায়াত সংসদে নিজেদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।