সিকিমে একের পর এক কম্পন, আতঙ্ক ছড়াল বাংলাদেশে

image 95

ভারতের সিকিমে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে দশবার কম্পনে কেঁপে উঠেছে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এই ধারাবাহিক কম্পনের প্রভাব পড়ে বাংলাদেশেও; বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। পরে রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক ধরা পড়ে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। এত অগভীর গভীরতায় হওয়ায় কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভূতাত্ত্বিকদের মতে, সিকিম ও আশপাশের হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। একই দিনে ভোরে সাতক্ষীরার কলারোয়া এলাকাতেও ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।