জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা দেশের বাস্তবতা ও মানুষের সমস্যা বোঝেন না, তারা কীভাবে দেশকে মুক্তি দেবে—সে প্রশ্ন জনগণের সামনে এসেছে। তার মতে, অনেকেই নির্বাচনের সময় সরকার গঠনের স্বপ্ন দেখালেও মাঠপর্যায়ে গিয়ে ভুল তথ্য দিচ্ছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের মতো ১২ তারিখের পরও দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটতে পারে। তবে তা ইতিবাচক হবে নাকি নেতিবাচক—সেই সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। তিনি অভিযোগ করেন, একটি দল প্রকাশ্যে ১২ তারিখের পর থেকে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে এবং ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনেক পরিকল্পনার কথা বলা হলেও গত ১৭ মাসের কর্মকাণ্ডে তাদের বাস্তব চিত্র স্পষ্ট হয়েছে। প্রতিটি আসনে ১১ দলের জোট থেকে একজন করে প্রার্থী রয়েছে, যারা দেড় বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গেছেন। জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। কিন্তু চাঁদাবাজরা ভাগবাটোয়ারার উদ্দেশ্যে প্রতিটি আসনে তিন-চারজন করে প্রার্থী দাঁড় করিয়েছে।
ভোটে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকা ১১ দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই সরকার গঠনের স্বপ্ন দেখালেও জেলায় জেলায় গিয়ে ভুল তথ্য দিচ্ছেন। কোথাও মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও নতুন মেডিকেল করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কোথাও শিল্পাঞ্চল থাকা সত্ত্বেও নতুন প্রকল্পের কথা বলা হচ্ছে, আবার কোথাও কৃষি বাস্তবতার সঙ্গে মিল না থাকা তথ্য তুলে ধরা হচ্ছে।
তার ভাষ্য, যে দেশের বাস্তবতা ও মানুষের সমস্যাই জানা নেই, সে দেশকে মুক্তি দেওয়ার স্বপ্ন কীভাবে দেখা যায়—সেই প্রশ্ন এখন জনগণের সামনে। তিনি আরও বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—রাজপথ ও গণআন্দোলন থেকে উঠে আসা নেতৃত্বকে সমর্থন করবেন, নাকি বিদেশে বেড়ে ওঠা ও দেশের বাস্তবতা না জানা নেতৃত্বের পক্ষে রায় দেবেন।