
চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।
পরিবারের অভিযোগ, স্থানীয় ব্যক্তি দ্বীন ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন এই জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া হয়, এবং এক পর্যায়ে দ্বীন ইসলাম আব্দুল্লাহকে আছাড় মারেন।
শিশুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জোরারগঞ্জ থানা পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, তবে দীন ইসলাম পালিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, নিহত শিশুর মৃত্যু সংক্রান্ত তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।