
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
রংপুর বিভাগ
দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ আসনের এজেডএম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানাকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী বিভাগ
নওগাঁ-৩ আসনের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ আসনের তাইফুল ইসলাম টিপু ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ আসনের কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ আসনের জাকারিয়া পিন্টুকে বহিষ্কার করা হয়।
খুলনা বিভাগ
কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন।
বরিশাল বিভাগ
বরিশাল-১ আসনের আব্দুস সোবহান ও পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জের তিনটি আসনের মোহাম্মাদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর ও অধ্যাপক মো. রেজাউল করিমসহ টাঙ্গাইল, নরসিংদী ও মুন্সিগঞ্জের মোট নয়জন নেতাকে বহিষ্কার করা হয়।
ময়মনসিংহ বিভাগ
কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ফরিদপুর বিভাগ
মাদারিপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার মোট সাতজন নেতা বহিষ্কারের আওতায় পড়েছেন।
সিলেট বিভাগ
সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাঁচজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার ছয়জন নেতা বহিষ্কৃত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম ও নোয়াখালী জেলার ছয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একই অভিযোগে ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। পরে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।