
জাতীয় নির্বাচনের আগে জামায়াতের ৭ শীর্ষ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র আমির ডা. শফিকুর রহমানসহ দলের ৭ শীর্ষ নেতাকে যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই নির্দেশনা ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন। আবেদনে দলের সাতজন শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা পাচ্ছেন:
- ডা. শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামী
- ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, নায়েবে আমীর (সাবেক এমপি)
- এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমীর
- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল
- অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর
- ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি)
- মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের চলাচল ও প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অংশ। ইসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত এই নির্দেশনা কার্যকর করার অনুরোধ জানিয়েছে।