বছরের পুরনো বক্তব্যে আমির হামজাকে মানহানির মামলা

image 159

বিগত ২০২৩ সালের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মো. আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওয়াজ মাহফিলে দেওয়া এক বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে তিনি বিদ্রূপমূলক মন্তব্য করেন।

বাদী অভিযোগ করেন, এসব বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এটি দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মামলায় আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করা হয়েছে।

বাদীপক্ষ জানান, মামলাটি ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে নয়; বরং সমাজে গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করা বক্তব্যের জন্য দায় প্রমাণের লক্ষ্যেই করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছে।

অন্যদিকে, মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, এখন পর্যন্ত তারা আদালতের কোনো নোটিশ পাননি। নোটিশ পেলেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ভাইরাল হওয়া বক্তব্যের জন্য মুফতি আমির হামজা ক্ষমা চেয়ে নেন। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হত্যার হুমকির কথা উল্লেখ করেন এবং নিজের তিন কন্যাসন্তানের খেয়াল রাখার অনুরোধসহ কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ চালানোর আহ্বান জানান।