জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে দেশের মানুষ: আদিলুর রহমান খান

image 160

বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার পাশেই আছে এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করবে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে দেশের মানুষ সচেতন এবং তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাইয়ের কাফেলার প্রতি নিজেদের সমর্থন স্পষ্ট করবে।

তিনি আরও বলেন, সরকার গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে—এ নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি। জুলাই-আগস্টে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই জনগণের মতামত জানার উদ্দেশ্যে গণভোট আয়োজন করা হয়েছে।

বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংগ্রামী ছাত্র-জনতার অংশগ্রহণেই জুলাই সনদ প্রণয়ন হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়াতেও সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে।

গণভোট-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ তারিখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন প্রকাশ পাবে। এরপর স্থানীয় পর্যায় থেকে জনগণের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা অতীতেও ইতিহাস রচনা করেছে। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সময় শেষের পর সারাদেশে গণভোট, জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের চেতনার পক্ষে জনগণ এক কাতারে দাঁড়াবে।

ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, বাকিরাও পলাতক অবস্থায় রয়েছে। কিশোরগঞ্জসহ সারাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণভোট অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাই যোদ্ধা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। পাশাপাশি এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে সচেতনতা সভায় যোগ দেন এবং জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।