আয় বৃদ্ধির লক্ষ্য, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু ওপেনএআইয়ের

image 147

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এআই কোম্পানি ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। তবে পেইড বা প্রিমিয়াম ব্যবহারকারীরা আপাতত এই বিজ্ঞাপনের আওতায় থাকবেন না।

ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিচালন ব্যয়ও দ্রুত বেড়ে যাচ্ছে। সেই ব্যয় সামাল দিতে নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশেও এবং আরও বিস্তৃত পরিসরে বিজ্ঞাপন চালু করা হতে পারে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন এই সংযোজন চ্যাটজিপিটির ব্যবহার অভিজ্ঞতায় কী ধরনের প্রভাব ফেলবে—তা নিয়ে এখন ব্যবহারকারীদের আগ্রহ ও নজর রয়েছে।