১৪ লাখ টাকার বাড়ি বিক্রি, অনলাইন জুয়ায় শেষ পরিণতি আত্মহত্যা

image 146

ঠাকুরগাঁও পৌর শহরের একটি পাকা বাড়ি ১৪ লাখ টাকায় বিক্রি করে অনলাইন জুয়ায় সব টাকা হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাদেকুল ইসলাম (৫০)। পরে ভাড়া বাসায় উঠে ঋণ করে অনলাইন জুয়া খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায়। শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের স্ত্রী ও ছেলে জানান, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ার পাশাপাশি সাদেকুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। অভাব-অনটনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা।

সাদেকুল ইসলাম পৌর শহরের হাজীপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের ছেলে সাইরুল ইসলাম বলেন, “আমাদের পৌর শহরে একটি পাকা বাড়ি ছিল। বাবা সেটি ১৪ লাখ টাকায় বিক্রি করে দেন। গোপনে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। আমি ও মা বাধা দিলেও তিনি শোনেননি। সব টাকা হারিয়ে আমরা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাই।”

নিহতের স্ত্রী মরজিনা বেগম বলেন, “বারবার বলেছি জুয়া ছেড়ে দিতে, কিন্তু তাকে ফেরাতে পারিনি। বাড়ি বিক্রির সব টাকা জুয়ায় হেরে গেছে। ঋণের বোঝা মাথার ওপর। গত এক মাস ধরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি, এতে তার মানসিক সমস্যা বেড়ে যায়।”

তিনি আরও বলেন, “শনিবার সন্ধ্যায় ঘরে ঘুমিয়েছিল। রাতে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অনলাইন জুয়ায় আসক্তি ও ঋণের চাপে পড়ে সাদেকুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।