
রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনা ও বিপিএলের বিলবোর্ড, ব্যানারও ভাঙচুরের শিকার হয় এবং ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকের বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। দিনের প্রথম খেলা ১টায় চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে হওয়ার কথা থাকলেও, ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচ মাঠে গড়ায়নি। গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করলে, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয়।
এরপর বিসিবি নানাভাবে সমঝোতার চেষ্টা করলেও কোয়াবের দাবি মেনে নেওয়া হয়নি। দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলনে কোয়াব জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত খেলায় অংশ নেবে না ক্রিকেটাররা। কিছুক্ষণ পর জাগো নিউজের মাধ্যমে জানা যায়, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এক ঘণ্টা পর বিসিবি অফিসিয়ালি এ খবর নিশ্চিত করে। তবে কোয়াব চাইছিল নাজমুল সম্পূর্ণভাবে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হোক।