ইরানে হামলার কোনো ইচ্ছা নেই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

image 130

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এবং তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এ তথ্য জানানো হয় পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের বরাত দিয়ে।

রাষ্ট্রদূত মোঘাদ্দাম জানান, বুধবার রাত আনুমানিক ১টার দিকে তিনি একটি বার্তা পান, যাতে বলা হয় ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে কোনো হামলা না চালানোর অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে কিছু সশস্ত্র গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে এবং মসজিদেও হামলা করেছে।

এদিকে, মার্কিন সরকার দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী এবং তার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে প্রেরণের নির্দেশ দিয়েছে। পেন্টাগনের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিংকন ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী স্থায়ীভাবে মোতায়েন নেই। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের সময় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন, যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ৬টি।