
জামায়াত আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য এবং লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। সম্প্রতি দেখা যাচ্ছে, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি বা সহানুভূতি দেখাতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। আপনাদের অনুরোধ, সত্যিই যদি জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তবে এমন অনাকাঙ্ক্ষিত কাজ থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।”
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের না থাকার গুঞ্জন উঠেছে। জোটের শরিকদের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনার পর ইসলামী আন্দোলন জানিয়েছে, তারা কমপক্ষে ৮০ আসন না পাওয়ার ক্ষেত্রে জোটে থাকবেন না। এর ফলে জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেছেন। খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করে আসন বণ্টনের মধ্যস্থতার চেষ্টা করেছেন, কিন্তু তা ব্যর্থ হয়।
জোটের একাধিক শরিক ও জামায়াতের নেতাদের সঙ্গে আলাপের মাধ্যমে জানা গেছে, চরমোনাই পীরের দল জোটে না থাকার সুস্পষ্ট বার্তা দিয়েছে। তবে অন্য সব দল এখনও জোটে রয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠক করবেন এবং গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খেলাফত মজলিসের একজন নেতা জানিয়েছেন, জোটের অন্যান্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছেন এবং নতুন আসনে বিন্যাস হলেও এতে সমস্যা হবে না।