
সুন্দরবনের ঘন অরণ্যে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। ঘটনা ঘটেছে মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন শরকির খাল এলাকায়। বন বিভাগের বিশেষজ্ঞরা রবিবার (৪ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু করবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানিয়েছেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে।
ঘটনা স্থলে দ্রুত পৌঁছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সত্যতা নিশ্চিত করেন। বাঘটি খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকা রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষার জন্য পুরো এলাকা ইতিমধ্যেই ঘেরাও করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি বাঘটির কাছে যেতে না পারে। শনিবার গভীর রাতে ফাঁকা গুলি চালানোর পরিকল্পনা রয়েছে, যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে নিজে থেকে ফাঁদ থেকে বেরিয়ে যেতে পারে।
উদ্ধার কার্যক্রমে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনকে আনা হচ্ছে। রবিবার সকালে তিনি পৌঁছানোর পর মূল উদ্ধার অভিযান শুরু হবে। প্রয়োজনে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে, যা তাকে প্রায় আধা ঘণ্টা অচেতন রাখবে এবং ফাঁদ থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে।
সহকারী বনসংরক্ষক আরও জানিয়েছেন, বাঘটি যদি আহত বা অসুস্থ থাকে, তবে তা উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য বাঘটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতিও রয়েছে।
এদিকে, খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা সন্ধ্যা থেকে বনের কিনারায় ভিড় করতে শুরু করেন। তবে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে কাউকে এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীরা সারা রাত পাহারা দিচ্ছেন।