
রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও তীব্র হয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথম ভাগে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।