রাজশাহীতে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকচাপায় ৪ জন নিহত

image

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে বালু বোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। উদ্ধার কাজে পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট অংশ নেয়।

পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।