চলন্ত ভ্যানে সংঘবদ্ধ ধর্ষণ শেষে তরুণীকে রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা

image 273

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত একটি ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ভয়াবহ নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় তাকে চলন্ত ভ্যান থেকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় একটি ভ্যানে থাকা দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি ভ্যানে ওঠেন। তবে ভ্যানটি তার বাড়ির দিকে না গিয়ে গুরুগাঁও সড়কের দিকে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা ধরে ভ্যানে আটকে রেখে তরুণীকে নির্যাতন করা হয়। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে ভোর আনুমানিক ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগর এলাকার রাজা চকের কাছে চলন্ত ভ্যান থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় তারা।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার মুখে গুরুতর আঘাত রয়েছে এবং সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত।

পুলিশ জানিয়েছে, এখনো ভুক্তভোগীর আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।