
২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর জাপানে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলের কাছে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল অবস্থান করছিল।
সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত নভেম্বর ও ডিসেম্বর মাসে জাপানে এ নিয়ে মোট চারটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ৩০ নভেম্বর দেশটিতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬ ও ৪ দশমিক ৮। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় কিউশু প্রদেশের তোকারা দ্বীপ এলাকায়।
পরে ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। সেসময় জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভৌগোলিকভাবে জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্যাসিফিক বেসিনের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর যে পরিমাণ ভূমিকম্প ঘটে, তার প্রায় ২০ শতাংশই হয় জাপানে।
এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানে আঘাত হানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ৯ মাত্রার সেই ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।