হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

image 147

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা হাতে বিশ্ব রেকর্ড গড়বেন। এই দলে আশিক চৌধুরীও আছেন, যিনি ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে অংশ নেবেন। অনুষ্ঠানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনের অংশ হিসেবে এটি সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং হবে। বিজয় দিবসে বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট মহড়া পরিচালনা করবে। এছাড়া চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো।

বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।