মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

image 148

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেলে দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের আরোহী রাকেশ, শয়ন ও অভিক গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

আহতদের দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন। শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, বামন্দীতে দুটি মোটরসাইকেলের দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।