
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেছেন, যদি নিজেদের মধ্যে বিভেদ ভুলে একত্রে কাজ না করা হয়, কাদা ছোড়াছুড়ি ও মারামারি চলতে থাকে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো এক্সিবিশনে তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সহযোগিতা করুন, আক্রমণ নয়। প্রয়োজন হলে উপদেশ দিন, ভালো হলে তা গ্রহণ করবো।’’
সেনাপ্রধান আরও বলেন, ‘‘নিজেদের মধ্যে বিভেদ না করে এক হয়ে থাকুন। আলোচনা করে সমস্যার সমাধান করুন। কেউ অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় নেই। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, এটিকে সুশৃঙ্খল থাকতে দিন।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে ব্যস্ত, ফলে অপরাধীদের সুযোগ সৃষ্টি হচ্ছে। যদি সংগঠিত থাকা যায়, তাহলে অপরাধ মোকাবিলা করা সম্ভব।’’
পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআই-এর কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘‘দেশের স্থিতিশীলতা রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সরকার প্রয়োজনীয় সংস্কার করছে, এবং ডিসেম্বরের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন। আমরা তাকে সহযোগিতা করবো।’’
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এ ঘটনার জন্য তৎকালীন বিজিবি সদস্যরা সম্পূর্ণ দায়ী। এর বিচারিক প্রক্রিয়া নষ্ট করা উচিত নয়।’’
/হ্যাভেন টিভি ডট প্রেস
