শরীয়তপুরে বিছানায় রাখা কয়লার আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

image 137

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত থেকে বাঁচতে বিছানায় রাখা কয়লার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে রুদ্রকর এলাকার একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহতের নাম কামরুন নাহার (৮০)। তিনি রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে বিবাহিত হয়ে স্বামীর বাড়িতে থাকায় কামরুন নাহার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।

ওসি শাহ আলম বলেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে রাতে কামরুন নাহার মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে তা বিছানার ওপর রেখে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে ওই পাত্র থেকে জ্বলন্ত কয়লা বা আগুন বিছানায় পড়ে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ দেখতে পায়। মরদেহের পাশেই একটি মাটির তৈরি পাত্র পাওয়া যায়।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের মেয়ের কাছে হস্তান্তর করা হবে।