
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। তিনি বলেন, “দেশবাসীর দোয়ার কারণে হয়তো এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফকালে ডা. জাহিদ জানান, ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া ডাক্তারদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি আরও বলেন, তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন, এবং সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ সবাই যথাসাধ্য সহযোগিতা করছেন।
ডা. জাহিদ দেশের মানুষকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, “আল্লাহর রহমত এবং সবার দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো।”
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে তিনি জানান, “সব প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মিললে তাকে বিদেশে নেওয়া হবে।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।