মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজের কাছে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
