
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা।
সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের স্রোত নামতে থাকে ইজতেমা ময়দানে। আখেরি দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।
মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। দোয়া চলাকালে ‘আমিন… আমিন…’ ধ্বনিতে কেঁপে ওঠে পুরো টঙ্গী এলাকা।
দোয়ার সময় মাঠজুড়ে কান্নার আবহ ছড়িয়ে পড়ে। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে মোট ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।
জোড় চলাকালে ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত এবং তিন চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতিতে আল্লাহর রাস্তায় বেরিয়ে যান। অন্য মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।
এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।