
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। ফলে এলাকার মানুষ তীব্র শীতের সম্মুখীন হয়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পর্যবেক্ষণাগারের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে।
ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। এর আগের দিন শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। আগের কয়েকদিনে তাপমাত্রা ১৩.২ থেকে ১৩.১ ডিগ্রির মধ্যে ছিল। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরে তাপমাত্রা আরও নেমে যেতে পারে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।