কবে থেকে মিলবে সেন্টমার্টিনে রাত কাটানোর সুযোগ?

image 403

পহেলা ডিসেম্বর থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। এবার ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত কাটানোর সুবিধা পাবেন। তবে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না এবং পরিবেশ রক্ষার জন্য ২২টি নির্দেশনা মানতে হবে।

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে যাতায়াতের জন্য চারটি জাহাজ প্রস্তুত রয়েছে— এমভি কর্ণফুলি এক্সপ্রেস, বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। কক্সবাজার শহরের নুলিয়াছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় এই জাহাজগুলো ছাড়বে।

দ্বীপের জেটি সংস্কারের কাজও জোরেশোরে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছে, মূলত মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পর্যটকদের সুবিধার জন্য ডিসেম্বর থেকেই জাহাজ ভেড়ানো এবং যাত্রী উঠা-নামার ব্যবস্থা করা হচ্ছে। মাত্র দুই মাসের জন্য পর্যটন চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা পুরোপুরি সন্তুষ্ট নন, তবে হোটেল ও রিসোর্টগুলো প্রস্তুত করছে। ফেব্রুয়ারি থেকে পুনরায় দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হয়ে যাবে।