
ডা. শফিকুর রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিনি ২০২৬–২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়, রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে।
দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছেই তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। এর আগে, গত ২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জামায়াতের ইতিহাসে তিনি অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামীর পর টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালনে যাচ্ছেন তৃতীয় নেতা।
প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক তারিখ রাতে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনরা গোপন ব্যালটে ভোট দেন এবং গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।
গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামের জাতীয় কাউন্সিল সদস্যরা তিন বছরের জন্য সরাসরি গোপন ভোটে আমির নির্বাচন করেন। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ সম্পন্ন করতে হয়।
ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান এবং ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে দলীয় দায়িত্বে উঠে আসেন। ২০১৬ সালে তিনি সেক্রেটারি জেনারেল, ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন।