
সরকার সিঙ্গাপুর থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে, যার জন্য খরচ হবে ২১৬ কোটি ৪৩ লাখ টাকা। সোমবার (২৪ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই আমদানি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগেও চলতি অর্থবছরে সিঙ্গাপুর থেকে আরও দুই দফায় ৫০ হাজার করে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছিল কমিটি। ১৮ নভেম্বর প্যাকেজ-৫ এবং ১২ নভেম্বর প্যাকেজ-৪ এর আওতায় এই অনুমোদন দেওয়া হয়।
এদিন বৈঠকে চালের পাশাপাশি বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদনও প্রদান করা হয়।