ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন শনাক্ত: রাজউক চেয়ারম্যান

image 329

শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পের পর রাজধানীতে ছোট–বড় মিলিয়ে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়ম বহির্ভূত ও নকশাবহির্ভূত ভবন নির্মাণে রাজউক এবং ভবনমালিক—উভয়েরই দায় রয়েছে, তবে মূল দায় ভবনমালিকদেরই বেশি।

সেমিনারে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় আর বিচ্ছিন্ন পরিকল্পনা নয়—বরং ৬ মাস থেকে ১ বছরের সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়নে যেতে হবে। তিনি প্রস্তাব করেন, ঝুঁকি নিরূপণে সরকারি সংস্থার পাশাপাশি এলাকাভিত্তিক বিভিন্ন বেসরকারি ফার্মকেও জরিপের দায়িত্ব দেওয়া উচিত।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে রাজউকের সক্ষমতা বাড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে

অনুষ্ঠানে অংশ নেওয়া নগর ও স্থাপত্য বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উন্নয়ন ও তদারকির ঘাটতির কারণে রাজধানী এখন অনিরাপদ নগরে পরিণত হয়েছে, এবং এতে রাজউকের ব্যর্থতাও উল্লেখযোগ্যভাবে দায়ী।