বগুড়ার শেরপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত হয়েছে একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)। তিনজনই সম্প্রতি এইচএসসি পাশ করেছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, বন্ধুরা একটি মোটরসাইকেলে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। চালক শাহাবুল হাসান নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে শাহাবুল হাসান ও মেহেদী হাসান মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহত উৎসব চক্রবর্তী জানিয়েছেন, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দিয়েছিলেন—‘সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাউনি’। দুর্ঘটনার পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
