ঢাকায় শিক্ষক সমাবেশে আহত শিক্ষক মারা গেলেন

image 235

ঢাকায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার (৪৫) এক সপ্তাহের চিকিৎসা শেষে মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মিরপুরের অলক হাসপাতালের আইসিউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।

গত ৮ নভেম্বর সমাবেশ চলাকালে হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর প্রচণ্ড আতঙ্কে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াই—যার সমাপ্তি হলো আজ।

ফাতেমা আক্তার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের সুরুজ মোল্লার মেয়ে এবং ঠাকুরচরের ডিএম সোলেমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
সহকর্মীদের ভাষায়, তিনি ছিলেন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক; ইডেন মহিলা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকরা জানান, আন্দোলনের দিন শহীদ মিনার এলাকায় তিনি সক্রিয় ছিলেন। সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর থেকেই তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে।

রোববার বাদ মাগরিব ছেংগারচর পৌরসভার ঠাকুরচর এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানাজায় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন কবির ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন,
“আন্দোলনে আহত হওয়ার পর তিনি যে কষ্ট সয়েছেন তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা একজন নিবেদিতপ্রাণ, সৎ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষিকাকে হারালাম—এ ক্ষতি অপূরণীয়।”