
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা পায়ে হেঁটে, বাস, মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহনে করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। ইতোমধ্যেই উদ্যানটি উপচে পড়া জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ চলবে দুপুর পর্যন্ত।
মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত আছেন—পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট সৌদি আরবের নেতা শায়েখ আব্দুর রউফ মাক্কী, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম এবং পাকিস্তানের খ্যাতনামা দাঈ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান।
তিনি আরও জানান, আন্তর্জাতিক অতিথিদের পাশাপাশি বাংলাদেশের শীর্ষ আলেম-ওলামারাও এই মহাসম্মেলনে বক্তব্য প্রদান করবেন। তাদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।
‘খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।