মিশরে আশ্রয় নেওয়া অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন সারজিস আলম

image 212

ওমরাহ পালন শেষে ন্যাশনাল কনসারভেটিভ পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই–আগস্ট আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বর্তমানে সংক্ষিপ্ত সফরে মিসরে অবস্থান করছেন। সফরকালে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কায়রোতে থাকা অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর পাশে সহায়তা নিয়ে দাঁড়ান। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি কায়রোতে ফিলিস্তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠিত মিসরের অন্যতম বড় একটি মাদরাসা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্না ও তোফায়েল আহমাদ। এসময় সারজিস আলম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলনা বিতরণ করেন।

আরও পড়ুন: হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ফিলিস্তিনি মাদ্রাসা পরিদর্শনে সারজিস আলম

শিশুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে সারজিস আলম ও মাহবুবুর রশিদ মুন্না আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন—
“বাংলাদেশে জুলাই–আগস্টের ফ্যাসিস্ট তাড়ানোর মতো খুব শিগগিরই আমরা তোমাদের সঙ্গে নিয়ে আল আকসা মুক্ত করবো।”

এছাড়া তিনি বাংলাদেশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত আরেকটি মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মিসরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রশিদ মুন্না।

ফিলিস্তিনিদের জন্য পরিচালিত এসব মানবিক উদ্যোগের প্রশংসা করে সারজিস আলম ভবিষ্যতেও এ ধরনের কাজে অংশ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বিশ্বব্যাপী বাংলাদেশিদের ফিলিস্তিনি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।