গাজীপুরে একটি পাঁচতলা ভবন থেকে স্বামী-স্ত্রীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

image 210

গাজীপুরে একটি পাঁচতলা ভবন থেকে গলা কাটা অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ি বাইপাইল এলাকার ওই ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই স্ত্রী মারা যান, আর গুরুতর আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত দম্পতির পরিচয়—ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে এমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে প্রথমে এমরান ধারালো দা দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে একই দা দিয়ে নিজের গলাও কেটে ফেলেন। ঘটনাটি তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দেন।

ওসি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।