
ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি জানান, ১৩ নভেম্বর বৃহস্পতিবার আট দলের নেতাকর্মীরা দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করবেন ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে। এছাড়া ১৪ নভেম্বর (শুক্রবার) ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ দফা দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি দেওয়া হবে।
অধ্যাপক মুজিবুর রহমান আরও জানান, আগামী ১৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আট দলের অন্যান্য শীর্ষ নেতারা।