পঞ্চগড়ে নেমে গেছে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে।

image 129

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। হিমালয় অঞ্চলের দিক থেকে আসা শীতল বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ অনুভূত হচ্ছে। গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ ভোরবেলা বাইরে কাজ করা শ্রমজীবী মানুষজনের কষ্ট বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোরের দিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে এখনই প্রকৃত শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”