১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিল বিএনপি: আমীর খসরু

image 118

বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন।

আমীর খসরু বলেন, “নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে ভোটের উপযোগী পরিবেশ তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আদৌ ইশতেহার পড়ে ভোট দেয় কি না, তা নিয়েও আমার সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো নিয়মিত সংলাপ ও জনগণের মতামত প্রতিফলন। আট বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। সময়ের প্রেক্ষাপটে আমরা ২৭ দফা এবং পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি—যা সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই তৈরি।”

বিএনপি নেতা জানান, “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতেই সনদ সই হয়েছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে। ঐকমত্যের বাইরে গিয়ে নতুন ইস্যু তোলা মানেই সেই ঐক্যের প্রতি অসম্মান।”

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চাইছে। শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনে স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়েছে অনেকের মধ্যে। তবে সনদ বাস্তবায়নও হতে হবে আলোচনার মাধ্যমে, চাপ প্রয়োগ করে নয়।

আমীর খসরু প্রশ্ন তোলেন, “যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চায়, তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে? এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে।”

সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই প্রতিবাদ করার অধিকার রাখে, কিন্তু মানুষ সংঘর্ষ চায় না। বিএনপি ৩১ দফার সব দাবি সনদে অন্তর্ভুক্ত না হলেও রাস্তায় নামছে না—আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণ ম্যান্ডেট দিলে, সেই অনুযায়ী সব বাস্তবায়ন করা হবে।”

নতুন প্রজন্মের কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে। কীভাবে এই কর্মসংস্থান সৃষ্টি করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত আছে।”