প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গ করা বিষয়ে পুলিশের বক্তব্য

image 119

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বাধা দেয় পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের বাধার মুখে শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন এবং পরে শাহবাগ থানার সামনে জড়ো হন। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

ডিএমপি জানায়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।