মরিচের গুরা ছিটিয়ে ডাকাতির চেষ্টা২৫ সেকেন্ডে নারীকে ২০ থাপ্পড় দিল দোকানি

image 117

ভারতের গুজরাটে এক নারী স্বর্ণের দোকান লুটের চেষ্টা করেন দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায় মুহূর্তেই—কারণ উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওই দোকানি তাকে ধরে ২৫ সেকেন্ডে ২০টি চড় মারেন।

ঘটনাটি ঘটে গত ৩ নভেম্বর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দোপাট্টা দিয়ে মুখ ঢেকে এক নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই হঠাৎ করে দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। কিন্তু ভাগ্যক্রমে গুঁড়া তার চোখে না লাগায় তিনি সঙ্গে সঙ্গে ওই নারীকে ধরে একের পর এক চড় মারতে থাকেন। পরে তাকে টেনে দোকানের বাইরে নিয়ে যান।

পুলিশ জানায়, ডাকাতি চেষ্টার শিকার হলেও দোকানি কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ নিজ উদ্যোগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারী ডাকাতকে শনাক্তের চেষ্টা করছে।

আহমেদাবাদ পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, “দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দু’বার দেখা করেছেন। তিনি মামলা করতে রাজি নন, তবে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে।”

পুলিশ এখনো স্পষ্ট করে জানায়নি কেন দোকানি মামলা করতে অনিচ্ছুক।
সূত্র: এনডিটিভি