ডেকে নিয়ে তরুণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

image 53

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব (২৪) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সঙ্গীত আবাসিক এলাকার একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসিব পাঁচলাইশের জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউকে বিশ্বাস করে তিনি বাসা থেকে বের হন এবং পরে তাকে সামনাসামনি ও পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, হামজারবাগ এলাকার প্রবাসী জাহেদ নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই নারী স্বামীকে তালাক দিয়ে হাসিবকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রবাসী দেশে ফিরে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এর কিছুদিন পরই বাসা থেকে ডেকে নিয়ে হাসিবকে হত্যা করা হয় বলে জানা গেছে।